মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গত ৮ মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুর রশীদ স্থানীয় আব্দুল হাকিমের দোকানে ওষুধ কিনতে যান। এ সময় তিনি দাম কম দিতে চাইলে হাকিমের ছেলে আবু ইউসুফ ছাব্বির ওষুধ বিক্রি করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই বিজিবি সদস্য তাঁকে হুমকি দিয়ে চলে যান।
এর জেরে পরদিন রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বিজিবি সদস্যরা বাবা-ছেলের পথরোধ করেন। এ সময় বিজিবি সদস্যরা নিজেদের পকেট থেকে নেশাজাতীয় ইনজেকশন বের করে উদ্ধারের নাটক সাজান বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। পরে দুজনকেই ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং বাবাকে ছেড়ে দিলেও ছেলে ছাব্বিরের নামে মাদক মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মানববন্ধনে আব্দুল হাকিম তাঁর ছেলের বিরুদ্ধে দায়ের করা এই মামলা অবিলম্বে প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম হোসেন, হোটেল শ্রমিক ইয়াদুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
এ বিষয়ে বক্তব্য জানতে আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মতামত