সারাদেশ

থানায় মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার কারবারির

প্রিন্ট
থানায় মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার কারবারির

প্রকাশিত : ১৭ মে ২০২৬, দুপুর ২:৫৫

অন্ধকার জগৎ থেকে স্বাভাবিক জীবনে ফিরতে স্বেচ্ছায় মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জের এক মাদক কারবারি। শনিবার (১৬ মে) বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমানের কাছে তিনি এই মুচলেকা দেন।

মাদক ছাড়ার শপথ নেওয়া ওই যুবকের নাম বিপ্লব হোসেন পায়েল। তিনি সদর থানার খানপুর দক্ষিণ তল্লা এলাকার মো. রবিউলের ছেলে। পুলিশের তথ্যমতে, পায়েল ওই এলাকার একজন খুচরা মাদক বিক্রেতা এবং তার বিরুদ্ধে থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানিয়ে বিপ্লব হোসেন পায়েল বলেন, এত দিন আমি অন্ধকার জগতে ছিলাম। হাজার হাজার টাকা কামালেও রাতে শান্তিতে ঘুমাতে পারতাম না। এখন এই পথ ছেড়ে পরিবার নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চাই। সমাজে ভালো মানুষ হিসেবে বাঁচার সুযোগ চেয়ে তিনি তার নামে থাকা মামলাগুলোর বিষয়ে পুলিশ প্রশাসনের আইনি সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, মাদক নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যারা মাদক ব্যবসা ছেড়ে ভালো পথে আসতে চান, তাদের সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। তবে তাদের অবশ্যই পুলিশের নজরদারিতে রাখা হবে।

তিনি আরও জানান, সদর থানা এলাকায় মাদক যেকোনো মূল্যে রোধ করা হবে। যারা এখনও মাদক ব্যবসায় জড়িত, তাদের তালিকা তৈরি করে ইতিমধ্যে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।