সারাদেশ

১২ মামলার সবকটিতেই জামিন: কারামুক্তিতে বাধা নেই সাবেক মেয়র আইভীর

প্রিন্ট
১২ মামলার সবকটিতেই জামিন: কারামুক্তিতে বাধা নেই সাবেক মেয়র আইভীর

প্রকাশিত : ১৭ মে ২০২৬, রাত ১১:০৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল রয়েছে। সর্বশেষ সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে তার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদনে নো অর্ডার দেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশই কার্যকর থাকছে। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও এস এম সিদ্দিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গত বছরের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগের বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে ধাপে ধাপে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে দুই দফায় ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি, যা পরে আপিল বিভাগেও বহাল থাকে। সর্বশেষ গত ৩০ এপ্রিল বাকি দুটি মামলায় (সিদ্ধিরগঞ্জ থানার) হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিলে রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে আপিল করে। রোববার সেই আবেদনটিতে চেম্বার আদালত নো অর্ডার দেওয়ায় তার সব মামলায় জামিন নিশ্চিত হলো।

আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, ১২টি মামলাতেই হাইকোর্ট ও আপিল বিভাগের দেওয়া জামিন আদেশের কপি কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলছে। সব আনুষ্ঠানিকতা শেষে চলতি সপ্তাহেই তিনি কারামুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।