সারাদেশ

মাগুরায় ডোবার পানিতে ডুবে ফুপু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

প্রিন্ট
মাগুরায় ডোবার পানিতে ডুবে ফুপু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ১৯ মে ২০২৬, সন্ধ্যা ৮:০০

মাগুরা সদর উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে নূসরাত (৭) ও নাঈম (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা একে অপরের ফুপু-ভাতিজা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বজরুক শ্রীকুন্ডি বালিয়াডাঙ্গা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত নূসরাত ওই গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে এবং নাঈম একই গ্রামের বিজিবি সদস্য জামাল উদ্দিনের ছেলে। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার পর থেকে বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল নূসরাত ও নাঈম। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের বৃষ্টির পানিতে ভরে থাকা একটি ডোবার পাড়ে শিশু দুটির স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তারা। পরে স্বজন ও স্থানীয়রা ডোবায় নেমে তল্লাশি চালিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করেন।

দ্রুত তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।