সারাদেশ

রাজনীতিতে ভাষার মান কমায় পেশিশক্তি বাড়ছে: বিকল্পধারা মহাসচিব

প্রিন্ট
রাজনীতিতে ভাষার মান কমায় পেশিশক্তি বাড়ছে: বিকল্পধারা মহাসচিব

প্রকাশিত : ১৯ মে ২০২৬, সন্ধ্যা ৮:৫১

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা বলেছেন, দেশের রাজনীতিতে ভাষার ব্যবহার দিন দিন দুর্বল হয়ে পড়ছে। আর যেখানে ভাষা দুর্বল হয়, সেখানে পেশিশক্তি প্রবল হয়ে ওঠে, যার প্রয়োগ এখন বাংলাদেশের রাজনীতিতে দৃশ্যমান। মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তরুণ রাজনীতিকদের আচরণের সমালোচনা করে ওবায়দুর রহমান মৃধা বলেন, তরুণদের মধ্যে অযথা উচ্চকণ্ঠে কথা বলার প্রবণতা উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে। বক্তব্য দেওয়ার সময় তাদের আক্রমণাত্মক শারীরিক ভাষা দেখে মনে হয়, তারা নীতি-নৈতিকতা বর্জন করে রাজনীতি করছেন। এটি চিন্তাশীল মানুষের জন্য চরম দুশ্চিন্তার বিষয়। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর কথা স্মরণ করে তিনি বলেন, তিনি রাজনীতিতে সবসময় বিনয়ী ভাষা ও দূরদর্শিতার চর্চা করতেন। অথচ বর্তমানে যারা শৈল্পিক ও মার্জিত ভাষার চর্চা করেন, তাদের দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়। পৃথিবীর সফল মানুষদের ইতিহাস দেখলে বোঝা যায়, নীতির প্রতি দৃঢ় অবস্থান এবং মার্জিত ভাষার কারণেই আজকের এই সভ্য পৃথিবী আমরা পেয়েছি।

বিবৃতিতে বিকল্পধারার মহাসচিব আরও বলেন, রাজনীতিতে কৌশল বা অন্যের সমালোচনা থাকবেই, তবে তার ভাষা হতে হবে মার্জিত। কটুবাক্য ব্যবহার করে মানুষকে দীর্ঘমেয়াদে বোকা বানানো যায় না। আগামী দিনের রাজনীতি ব্যক্তি স্বার্থে নয়, বরং ন্যায়পরায়ণতা ও জনকল্যাণের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।