সারাদেশ

সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন: নারায়ণগঞ্জ ডিসি

প্রিন্ট
সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন: নারায়ণগঞ্জ ডিসি

প্রকাশিত : ১৯ মে ২০২৬, রাত ৯:০০

সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, ভূমিসেবা মেলায় আগত সেবাগ্রহীতারা কোনো হয়রানি ছাড়াই তাৎক্ষণিকভাবে ই-নামজারি, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং জমির তথ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছেন।

মঙ্গলবার (১৯ মে) সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আয়োজিত ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে সরকার ডিজিটাল ও অটোমেটেড ব্যবস্থাপনা চালু করেছে। দালালমুক্ত পরিবেশে স্বচ্ছতার সঙ্গে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই এ মেলার মূল উদ্দেশ্য। ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি হেল্প ডেস্কে জানালে তা দ্রুত সমাধান করা হবে।

এর আগে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।