সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর প্রাণহানি

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর প্রাণহানি

প্রকাশিত : ২০ মে ২০২৬, দুপুর ২:৩১

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে শহরের দিকে যাচ্ছিলেন। মুন্সিরহাট এলাকায় মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ঋত্বিকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।