সারাদেশ

সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি: কাগজভর্তি কাভার্ডভ্যান জব্দ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি: কাগজভর্তি কাভার্ডভ্যান জব্দ

প্রকাশিত : ২০ মে ২০২৬, রাত ১১:৫১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে হোয়াইট পেপার (সাদা কাগজ) ভর্তি একটি কাভার্ডভ্যান জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যামস ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সিদ্ধিরগঞ্জ সার্কেলের রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে রাজস্ব ফাঁকি দিয়ে তিনটি কাভার্ডভ্যান ঢাকায় আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই ফিলিং স্টেশনে অভিযান চালান। সেখানে পার্কিং করা অবস্থায় গাড়ি তিনটির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

এ সময় হোয়াইট পেপার ভর্তি একটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো-ট-১১-৯২১৪) ৫৮ হাজার ৭৫০ টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়ায় সেটি জব্দ করা হয়। তবে বাকি দুটি গাড়ির কাগজপত্র সঠিক থাকায় সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত চালানের নথিপত্র থেকে জানা যায়, পণ্যগুলো চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার এস এ পাল্প অ্যান্ড পেপার প্রোডাক্টস লিমিটেড থেকে গত ১৮ মে রাতে ঢাকার মোল্লা এন্টারপ্রাইজের উদ্দেশে পাঠানো হয়েছিল।