সারাদেশ

সিদ্ধিরগঞ্জে খাল খননকাজের উদ্বোধন

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে খাল খননকাজের উদ্বোধন

প্রকাশিত : ২১ মে ২০২৬, বিকাল ৫:২৭

দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) উদ্যোগে সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী খাল খননকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) নাসিকের ৭ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে নাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তিনিও দেশের মাটি ও মানুষকে ভালোবাসেন। তারই নির্দেশনায় কদমতলী ৭নং ওয়ার্ডে খালটির খননকাজ শুরু হলো। এটি সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা কমে আসবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নাসিক প্রশাসকের মাধ্যমে এই মহৎ উদ্যোগের সূচনা হলো। দ্রুততম সময়ের মধ্যে সুন্দরভাবে এর কাজ সম্পন্ন হবে বলে আমরা বিশ্বাস করি।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী আইন-ছাত্র ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মহিউদ্দিনসহ স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের প্রত্যাশিত এই খাল খননকাজ শুরু হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।