সারাদেশ

১৬ লাখ টাকার ভয়ংকর বিষু কড়ইতলা পশুর হাটে আকর্ষণের কেন্দ্রবিন্দু

প্রিন্ট
১৬ লাখ টাকার ভয়ংকর বিষু কড়ইতলা পশুর হাটে আকর্ষণের কেন্দ্রবিন্দু

প্রকাশিত : ২২ মে ২০২৬, সন্ধ্যা ৮:৫৮

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইজারাকৃত শহরের ১৮নং ওয়ার্ডের সৈয়দপুর কড়ইতলা পশুর হাটে ক্রেতা ও দর্শনার্থীদের নজর কেড়েছে বিশাল আকৃতির একটি গরু। পাবনার খামারি ও বেপারী হাকিম ভাণ্ডারি হাটে নিয়ে এসেছেন ভয়ংকর বিষু নামের এই গরুটি, যার দাম হাঁকা হচ্ছে ১৬ লাখ টাকা।

জানা গেছে, সম্পূর্ণ দেশীয় খাবারে লালন-পালন করা এই গরুর ওজন প্রায় এক হাজার কেজি। বিশাল দেহ ও আকর্ষণীয় শারীরিক গঠনের কারণে হাটে আসা মানুষজন গরুটি একনজর দেখতে ভিড় জমাচ্ছেন। অনেকেই আবার গরুটির সাথে ছবি তুলে ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। বেপারী হাকিম ভাণ্ডারি জানান, দীর্ঘ সময় ধরে অত্যন্ত যত্নসহকারে কোনো ধরনের ক্ষতিকর ওষুধ ছাড়াই শুধু দেশীয় খাবার খাইয়ে গরুটি বড় করা হয়েছে। কোরবানির বাজারে ভালো দামের আশায় তিনি এটিকে নারায়ণগঞ্জের এই ঐতিহ্যবাহী হাটে নিয়ে এসেছেন।

হাট সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরের মতো এবারও সৈয়দপুর কড়ইতলা পশুর হাটে বড় আকারের গরুর প্রতি ক্রেতাদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তবে ভয়ংকর বিষু তার বিশাল আকৃতি ও উচ্চ মূল্যের কারণে হাটের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।