সারাদেশ

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার পাল: সড়কে ঠায় দাঁড়িয়ে ২ ঘণ্টা

প্রিন্ট
সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার পাল: সড়কে ঠায় দাঁড়িয়ে ২ ঘণ্টা

প্রকাশিত : ২৩ মে ২০২৬, রাত ৯:৫৯

ব্যস্ত সড়কে দ্রুতগামী যানের ধাক্কায় প্রাণ হারিয়েছে একটি ভেড়া। সাধারণত এমন দুর্ঘটনায় প্রাণীরা আতঙ্কে পালিয়ে গেলেও, এবার ঘটল উল্টো। মৃত সঙ্গীকে একা ফেলে যায়নি কেউ, বরং তাকে ঘিরে রাস্তার ডিভাইডারে প্রায় দুই ঘণ্টা ঠায় দাঁড়িয়ে রইল পুরো ভেড়ার পাল।

সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সীরহাট এলাকায় এমন এক হৃদয়স্পর্শী দৃশ্য স্থানীয় বাসিন্দা ও পথচারীদের আবেগাপ্লুত করেছে।

প্রতিদিনের মতো স্থানীয় খামারি মো. ফরিদের ভেড়ার পালটি একঙ্গে মাঠে যাচ্ছিল। মুন্সীরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় একটি ভেড়া ঘটনাস্থলেই মারা যায়। মুহূর্তেই মৃত সঙ্গীকে ঘিরে ডিভাইডারে জড়ো হয় বাকি ভেড়াগুলো।

প্রত্যক্ষদর্শী দোকানি মো. মোস্তাক আলী ও পথচারী সুজন মিয়া জানান, দুর্ঘটনার পর ভেড়াগুলো ভয়ে না পালিয়ে মৃত সঙ্গীর চারপাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। মানুষ শব্দ করে বা লাঠি উঁচিয়ে ভয় দেখালেও তারা জায়গা ছাড়েনি। সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হলেও কেউ বিরক্ত হননি, বরং অনেকেই অবাক হয়ে এই আবেগঘন দৃশ্য দেখেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভেড়ার মালিক মো. ফরিদ। তিনি মৃত ভেড়াটিকে সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে রাস্তা ছাড়ে পালটি। দীর্ঘ ৩০ বছর ধরে ভেড়া পালন করা ফরিদ বলেন, মানুষ মনে করে এরা অবলা প্রাণী, এদের আবেগ নেই। কিন্তু এদের ভেতরের টান মানুষের চেয়ে কোনো অংশে কম না। সঙ্গীর মৃত্যু ওরা মেনে নিতে পারছিল না বলেই হয়তো দাঁড়িয়ে ছিল।

পশু-পাখিদের এমন আচরণের বিষয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক ডালিম কুমার রয় বলেন, এটি প্রাণীদের আদিম ও শক্তিশালী সামাজিক বন্ধনের বহিঃপ্রকাশ। হাতি বা কুকুরের মতো দলবদ্ধ প্রাণীরা কোনো সঙ্গীকে হারালে এক ধরনের মানসিক ধাক্কা বা শোক অনুভব করে। বিপদের মুহূর্তে এরা বিচ্ছিন্ন না হয়ে আরও বেশি একত্রিত হয়, ঘটনাটি তারই বাস্তব প্রমাণ।