সারাদেশ

ইসলামী ব্যাংকে সুশাসনের দাবি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্রাহকদের মানববন্ধন

প্রিন্ট
ইসলামী ব্যাংকে সুশাসনের দাবি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্রাহকদের মানববন্ধন

প্রকাশিত : ২৪ মে ২০২৬, বিকাল ৪:৩৮

ইসলামী ব্যাংকে সুশাসন, স্থিতিশীলতা এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহকরা। রোববার (২৪ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় ঐক্য পরিষদ-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সংকট নিরসনে সুনির্দিষ্ট কয়েকটি দাবি তুলে ধরেন।

গ্রাহকদের আস্থা ফেরাতে ও অস্থিতিশীলতা রোধে ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের ছুটি অবিলম্বে বাতিল করে তাকে স্বপদে পুনর্বহাল করতে হবে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে এবং সব ধরনের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এস আলম গ্রুপের দখলে থাকা ব্যাংকের শেয়ার দ্রুত নগদায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, সেই অর্থ দিয়ে তাদের যাবতীয় ব্যাংকঋণ ও দায় পরিশোধ করতে হবে।

ব্যাংক খাতে সংঘটিত নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত এবং এস আলম গ্রুপের দ্রুত বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ বিনষ্টকারী এএমডি কামালুদ্দিন জসীমসহ এস আলমের দোসর, ক্ষমতালোভী ও অনিয়মের ইন্ধনদাতাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে।

মানববন্ধন কর্মসূচি শেষে এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে গ্রাহক সমন্বয় ঐক্য পরিষদের পক্ষ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।