সারাদেশ

কোরবানির পশুর হাট ও ঈদ নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে র‌্যাব-১১

প্রিন্ট
কোরবানির পশুর হাট ও ঈদ নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে র‌্যাব-১১

প্রকাশিত : ২৪ মে ২০২৬, রাত ৯:১০

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নারায়ণগঞ্জে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে র‌্যাব-১১। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনী।

রবিবার (২৪ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠের অস্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১ (সিপিসি-১) এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার আব্দুর রশিদ। এ সময় হাটের ইজারাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সার্বক্ষণিক টহল ও চেকপোস্ট: সড়ক-মহাসড়ক, নৌপথ এবং শহরের প্রতিটি অলিতে-গলিতে র‌্যাবের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। আগাম তথ্য সংগ্রহের জন্য সাদা পোশাকে বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য নিযুক্ত রয়েছেন। যেকোনো জরুরি বা অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে র‌্যাবের বিশেষ দল (স্পেশাল ফোর্স) প্রস্তুত রাখা হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের প্রতারণা এড়াতে প্রতিটি হাটে জাল টাকা শনাক্তের মেশিন সরবরাহ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, নারায়ণগঞ্জবাসী এবং বাইরে থেকে আসা মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। এই নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি ঈদের পরেও অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি পশু ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, পশু বিক্রির পর লেনদেনের সময় টাকা জাল কি না, তা অবশ্যই মেশিনের সাহায্যে পরীক্ষা করে নিতে হবে।