সারাদেশ

আড়াইহাজার থানার ওসি বদলি: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে সরলেন আলাউদ্দিন

প্রিন্ট
আড়াইহাজার থানার ওসি বদলি: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে সরলেন আলাউদ্দিন

প্রকাশিত : ২৪ মে ২০২৬, রাত ৯:৩৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় যোগদানের মাত্র পাঁচ মাসের মাথায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিনকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন নতুন ওসি সবজেল। বিদায়ী ওসি আলাউদ্দিনকে জেলা বিশেষ শাখায় (ডিএসবি) সংযুক্ত করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বদলির এই বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে ওসি আলাউদ্দিন আড়াইহাজার থানায় যোগদান করেন। স্থানীয়দের অভিযোগ, তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। যেসব কারণে তাঁকে বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটছিল। এমনকি থানার অদূরে শিবপুর এলাকায় ডাকাতির ঘটনা পুলিশের ভূমিকা ও দায়িত্ব নিয়ে জনমনে তীব্র প্রশ্নের জন্ম দেয়। চুরি-ডাকাতির পাশাপাশি উপজেলাজুড়ে যত্রতত্র মাদক ব্যবসা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, হাত বাড়ালেই এলাকায় মাদক পাওয়া যাচ্ছিল।

সর্বশেষ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়।

এসব অপরাধ দমনে বিদায়ী ওসি পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলে ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন। এর প্রেক্ষিতেই তাকে সরিয়ে নতুন ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।