অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা কালাম মোল্লা (৬০) ও তার খালু মো. জামান (৫০) গত ২৪ মে বগুড়ার শিবগঞ্জ থেকে দালাল মুশিউর ও হামিদুর রহমানের মাধ্যমে ৪ লাখ ২৫ হাজার টাকায় দুটি গাভী ও দুটি বাছুর কেনেন। এরপর একটি ট্রাক ভাড়া করে তারা গরুগুলো নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ভোর আনুমানিক ৪টার দিকে ট্রাকটি মির্জাপুরের বাওয়ারকুমারজানী এলাকায় পৌঁছায়। এ সময় দালাল মুশিউর খাবার খাওয়ার কথা বলে ভুক্তভোগীদের ট্রাক থেকে নামিয়ে সড়কের পাশের একটি হোটেলে নিয়ে যায়। তারা হোটেলে ঢোকা মাত্রই সুযোগ বুঝে ট্রাকে থাকা গরু ও নগদ ১৫ হাজার টাকাসহ চালক ও অভিযুক্ত দালালেরা দ্রুত পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে গরু ও অভিযুক্তদের কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেন কালাম মোল্লা।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত