সারাদেশ

সিরাজদিখানে মাছ ধরা নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ২

প্রিন্ট
সিরাজদিখানে মাছ ধরা নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ২

প্রকাশিত : ২৭ মে ২০২৬, রাত ৯:৩৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন টেঁটাবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বড়বর্তা এলাকার নজরুল ইসলামের পুকুরে কয়েকজন ব্যক্তি টেঁটা দিয়ে মাছ ধরছিলেন। এ সময় নজরুলের ছেলে, ভাতিজাসহ স্বজনরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে রায়হান (২১) ও জোবায়ের শেখ (২২) নামের দুই যুবক টেঁটাবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢামেকে স্থানান্তর করেন।

এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে ঠাকুর দাস, পরিমল দাস, নাগর দাসসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযুক্ত পরিমল দাসের দাবি, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে নজরুলের ছেলে ও ভাতিজা উল্টো আমার ভাইয়ের ওপর হামলা করেছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, মারামারির একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।