সারাদেশ

ঈদুল আজহা: রংপুরে র‌্যাব-১৩ এর ব্যাপক নিরাপত্তা জোরদার

প্রিন্ট
ঈদুল আজহা: রংপুরে র‌্যাব-১৩ এর ব্যাপক নিরাপত্তা জোরদার

প্রকাশিত : ২৭ মে ২০২৬, রাত ৯:৪৫

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-১৩। ঈদের প্রধান জামাত, পশুর হাট, মহাসড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

মঙ্গলবার র‌্যাব-১৩ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রধান জামাতকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে গোয়েন্দা নজরদারি ও সাদা পোশাকে সদস্য মোতায়েনের পাশাপাশি প্রস্তুত থাকবে বোম্ব ডিসপোজাল টিম।

এছাড়া পশুর হাটগুলোতে চুরি, ছিনতাই, মলম ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে টহল বাড়ানো হয়েছে। জাল টাকা শনাক্তে মেশিনের সহায়তাসহ গুরুত্বপূর্ণ হাটগুলোতে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা উপস্থিত থাকছেন। পাশাপাশি ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে মহাসড়ক ও বাস টার্মিনালগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে র‌্যাব।

যেকোনো তথ্য প্রদান বা জরুরি সহায়তার জন্য র‌্যাব-১৩ এর কন্ট্রোল রুমের নম্বরে (০১৭৭৭৭১১৩৯৯) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। সবার সহযোগিতায় একটি নিরাপদ ও উৎসবমুখর ঈদ উদযাপনের আশা প্রকাশ করেছে বাহিনীটি।