সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ

প্রকাশিত : ২৭ মে ২০২৬, রাত ৯:৫৮

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় তুচ্ছ ঘটনার জেরে এক ব্যবসায়ীকে মারধর এবং তাঁর দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মামুন দেওয়ান সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পানি চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে পাশের নবনির্মিত মার্কেটের মালিক সোলিমের রাজমিস্ত্রির সঙ্গে মামুন দেওয়ানের কথা-কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা হলেও পরে সোলিম তহশিলদার, সাহানা পারভিন, আলাউদ্দিনসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মামুনের মুদি দোকানে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা মামুনকে এলোপাতাড়ি মারধর, দোকান ভাঙচুর ও ক্যাশ বাক্স লুটের চেষ্টা করে। পরে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগী মামুনের অভিযোগ, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কার্যকর কোনো আইনি ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন খালাসী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের থানায় বসার কথা ছিল। তবে স্থানীয় এক নেতা সামাজিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছেন বলে আমাকে মুঠোফোনে জানিয়েছেন।