নিহত আসিফ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা মো. বোরহান উদ্দিন ঢালীর ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বাবা বোরহান উদ্দিন জানান, গত ২৫ মে দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় নিট কনসার্ন লিমিটেডের ২ নম্বর গেটসংলগ্ন একটি ভবনের নিচতলার দোকানে জমে থাকা গ্যাস থেকে বিকট বিস্ফোরণ ঘটে। এতে আসিফ গুরুতর দগ্ধ হন। দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল জানান, তিতাস গ্যাস লাইনের একটি প্লাস্টিকের ফ্লাগ থেকে গ্যাস লিক হয়ে এই বিস্ফোরণ ঘটেছিল। নিহতের মরদেহ ঢামেক মর্গে রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
এদিকে, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিস্ফোরণের বিষয়টি তাদের তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে একটি দল পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চলতি মে মাসে নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অন্তত চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আসিফকে নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হলো। ধারাবাহিক এসব দুর্ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রাণহানি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
মতামত