সারাদেশ

সোনারগাঁয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রিন্ট
সোনারগাঁয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ৫ জুন ২০২৬, রাত ১১:৪২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাবার মৃত্যু সংবাদ ছেলেকে দিতে গিয়ে ছেলের ঝুলন্ত অর্ধগলিত মরদেহের সন্ধান পেয়েছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উজ্জল হোসেন (৩৬) নামে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার বোনের স্বামী ও স্থানীয় এলাকাবাসী। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকায় গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, বাবা শাহজাহান মিয়া (৬০) ও তাঁর ছেলে উজ্জল হোসেন (৩৬)। শুক্রবার পৃথক জানাজা শেষে বাবা ও ছেলেকে একই দিনে দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালক শাহজাহান মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে মেয়ের জামাতা জামাল হোসেন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান মিয়াকে মৃত ঘোষণা করেন।

শ্বশুরের লাশ বাড়িতে এনে শ্যালক উজ্জলকে মৃত্যুর খবর দিতে যান জামাল হোসেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখতে পান, উজ্জলের অর্ধগলিত লাশ ঘরের সিলিংয়ের সাথে ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন পারিবারিক সমস্যায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন প্রবাসী উজ্জল। স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। একই দিনে বাবা ও ছেলের এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।