সারাদেশ

বান্দরবানে চলন্ত পর্যটকবাহী গাড়িতে আগুন অল্পের জন্য রক্ষা

প্রিন্ট
বান্দরবানে চলন্ত পর্যটকবাহী গাড়িতে আগুন অল্পের জন্য রক্ষা

প্রকাশিত : ৬ জুন ২০২৬, রাত ১২:০০

বান্দরবান সদর উপজেলার ফারুক পাড়া সংলগ্ন ব্রিজের কাছে একটি চলন্ত পর্যটকবাহী মাইক্রোবাসে (নোহা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে পর্যটন স্পট শৈল প্রপাতের কাছাকাছি পৌঁছালে গাড়িটিতে এই আগুন লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে পর্যটকদের নিয়ে গাড়িটি বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়েছিল। অতিরিক্ত গরমে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সচল থাকায় ইঞ্জিন অতিরিক্ত উত্তপ্ত (ওভার হিট) হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। গাড়ি থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন জ্বলতে দেখে চালক দ্রুত গাড়িটি থামান এবং পর্যটকেরা নিরাপদে নেমে আসতে সক্ষম হন।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পরপরই পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। দীর্ঘ দূরত্বের পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় চালকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।