সারাদেশ

রংপুর মেডিকেলে রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে গ্রেফতার ৭

প্রিন্ট
রংপুর মেডিকেলে রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে গ্রেফতার ৭

প্রকাশিত : ৭ জুন ২০২৬, রাত ১২:১১

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্দিষ্ট অ্যাম্বুলেন্স ব্যবহার করতে বাধ্য করার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (৬ মে) রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. ওমেদ আলী (২৬), মো. রানা মিয়া (৩৪), মো. রাজু মিয়া (৪০), মো. বিপ্লব মিয়া (২৪), মো. ফরহাদ হোসেন (৪২), মো. আরাফাত হোসেন আপলে (২২) ও মো. মারুফ হোসেন (২৬)। তারা সবাই রংপুর মহানগর ও আশেপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিবৃতিতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র হাসপাতাল এলাকায় সক্রিয় থেকে রোগী ও তাদের স্বজনদের প্রভাবিত করে অতিরিক্ত ভাড়ায় অ্যাম্বুলেন্স নিতে বাধ্য করছিল। এতে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণেও নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেফতার করে।

ডিবি পুলিশ স্পষ্ট জানিয়েছে, চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালকেন্দ্রিক দালালি, চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তি সৃষ্টিকারী চক্রের বিরুদ্ধে ডিবির এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে আরপিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।