সারাদেশ

সিদ্ধিরগঞ্জে স্কুল শিক্ষিকার বাসায় হামলা ও লুটপাটের অভিযোগ: নেপথ্যে গণ-অধিকার নেতা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে স্কুল শিক্ষিকার বাসায় হামলা ও লুটপাটের অভিযোগ: নেপথ্যে গণ-অধিকার নেতা

প্রকাশিত : ৭ জুন ২০২৬, দুপুর ২:৫৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কিন্ডারগার্টেন স্কুল শিক্ষিকার বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর গণ-অধিকার পরিষদের সভাপতি আরিফ ভূঁইয়াসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে তানজিলা ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষিকা রেশমা আক্তারের সাথে তার স্বামী তাজুল ইসলামের সাড়ে ৪ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলছে। রেশমা আক্তারের অভিযোগ, সেই জমি তাজুল ইসলামের কাছ থেকে বায়না সূত্রে ক্রয় করেছেন দাবি করে গণ-অধিকার পরিষদ নেতা আরিফ ভূঁইয়া ও আব্দুল কাদির।

ভুক্তভোগী রেশমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, অভিযুক্তরা দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। তারা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, পাসপোর্ট, ব্যাংকের চেক বই, জমির দলিল ও সার্টিফিকেটসহ জরুরি কাগজপত্র লুট করে নিয়ে গেছে। বাধা দিলে আমার মেয়ের গায়ে হাত তোলে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমরা যদি রাজনৈতিক পরিচয়ে এভাবে নির্যাতিত হই, তবে কোথায় যাবো? আমি এই নেক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ঘটনার বর্ণনা দিয়ে তার মেয়ে তানজিলা ইসলাম জানান, হামলার সময় তিনি বাসায় একা ছিলেন। প্রায় ৫০-৬০ জন লোক মোটরসাইকেলে এসে প্রথমে বাড়ির সামনে নামফলক (সাইনবোর্ড) টাঙায়। এরপর ঘরে ঢুকে তছনছ ও লুটপাট চালায়।

তবে হামলা ও লুটপাটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন অভিযুক্ত আরিফ ভূঁইয়া। তিনি বলেন, জমিটি তাজুল ইসলামের। তার কাছ থেকে আমরা রেজিস্ট্রি বায়না করেছি এবং সেই সূত্রেই সাইনবোর্ড লাগিয়েছি। সেখানে কোনো হামলা বা লুটপাটের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক (এমসআই) মো. ইলিয়াছ খাঁন জানান, অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন। লিখিত কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।