সারাদেশ

সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ১১ দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ১১ দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ২৩ জুন ২০২৬, রাত ৯:০৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ১১ দিন পর মোক্তার হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে গোদনাইল আরামবাগ এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোক্তার হোসেন ওই এলাকার মৃত আরব আলীর ছেলে। পরিবার জানায়, গত ১২ জুন আসরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। ব্রেন স্ট্রোকের কারণে তিনি স্মৃতিশক্তি ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরামবাগ এলাকার একটি দোকানের নিচে ডোবার ভেতর মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের অবস্থা দেখে পুলিশের ধারণা, নিখোঁজের দিনই কোনোভাবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে আমরা এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি এবং তার পরিচয় শনাক্ত করা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।