সারাদেশ

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে চাঁদনী হাউজিং: সেচ পাম্প স্থাপনের দাবি

প্রিন্ট
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে চাঁদনী হাউজিং: সেচ পাম্প স্থাপনের দাবি

প্রকাশিত : ২৬ জুন ২০২৬, রাত ১০:৫৩

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বর্ষণেই এখানে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে। ফলে এলাকার দেড় শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় গৃহবন্দী হয়ে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা।

এই জলাবদ্ধতা নিরসন ও একটি সেচ পাম্প স্থাপনের দাবিতে গত ২৫ জুন (বৃহস্পতিবার) সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. ফয়েজউদ্দিনের কাছে এলাকাবাসীর পক্ষে লিখিত আবেদন জানিয়েছেন এনসিপির আলিফ দেওয়ান।

আবেদন পাওয়ার পর ইউএনও আশ্বাস দেন, উপজেলা পরিষদে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করলে ইউনিয়ন পরিষদ প্রয়োজনীয় বরাদ্দ পাবে এবং নতুন অর্থবছরের তালিকায় কাজটি যুক্ত করা হবে।

তবে প্রশাসনের এই দীর্ঘমেয়াদি আশ্বাসে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, নতুন অর্থবছর ও দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার অপেক্ষায় থাকলে চলমান বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছাবে। প্রতিদিনের জোয়ার ও বৃষ্টির পানিতে বাড়িঘর ডুবে থাকায় এলাকায় চর্মরোগসহ পানিবাহিত মহামারীর আশঙ্কা দেখা দিয়েছে।

জরুরি ভিত্তিতে এই অমানবিক দুর্ভোগ থেকে দ্রুত রেহাই পেতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন চাঁদনী হাউজিংয়ের ভুক্তভোগী বাসিন্দারা