সারাদেশ

শিশুদের রোগ প্রতিরোধে ভিটামিন এ গ্রহণের আহ্বান সিটি প্রশাসকের

প্রিন্ট
শিশুদের রোগ প্রতিরোধে ভিটামিন এ গ্রহণের আহ্বান সিটি প্রশাসকের

প্রকাশিত : ২৮ জুন ২০২৬, বিকাল ৩:২৮

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি এবং এ রোগে শিশুমৃত্যুর ঘটনায় সাবেক সরকার ও অন্তর্বর্তী সরকারের অবহেলাকে দায়ী করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

রোববার সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং হামের জটিলতা কমাতে ভিটামিন এ ক্যাপসুল অত্যন্ত কার্যকর। এ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় প্রায় এক লাখ ৪০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, একসময় সরকারি উদ্যোগে নিয়মিত হামের টিকাদান কর্মসূচি পরিচালিত হলেও পরবর্তী সময়ে তা ব্যাহত হয়। এর ফলে দেশে হামের সংক্রমণ বেড়েছে এবং অবহেলার কারণে শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে। সাখাওয়াত হোসেন খান বলেন, ভিটামিন এ শুধু রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে না, হামের জটিলতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এটি রাতকানা রোগ প্রতিরোধ, ডায়রিয়া ও রক্তশূন্যতার ঝুঁকি হ্রাস এবং শিশুদের স্বাভাবিক শারীরিক বিকাশে সহায়ক।

তিনি জানান, এবার সিটি করপোরেশন এলাকার ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় এক লাখ ৪০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের ২৭টি ওয়ার্ডে ১৪৪টি স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রসহ মোট ৩৪০টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে প্রায় ৮০০ স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা পরিবার ও রাষ্ট্রের যৌথ দায়িত্ব। সরকারের নিয়মিত স্বাস্থ্যসেবা কর্মসূচির মধ্যে ভিটামিন এ ক্যাপসুল বিতরণ অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রশাসক আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। যারা নির্ধারিত দিনে ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করতে পারবে না, তারা পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে এ সেবা নিতে পারবে।