সারাদেশ

অতিরিক্ত হর্ন বাজানোর দায়ে জরিমানা, জব্দ ৪ হর্ন

প্রিন্ট
অতিরিক্ত হর্ন বাজানোর দায়ে জরিমানা, জব্দ ৪ হর্ন

প্রকাশিত : ২৮ জুন ২০২৬, বিকাল ৫:০৪

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টি করা চারটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি চারটি অবৈধ হর্ন জব্দ করা হয়েছে।

রোববার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল আমিন এবং মো. মাহমুদুল হাসান।

অভিযানে জেলা প্রশাসন, সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ অনুযায়ী অভিযান চালিয়ে অতিরিক্ত শব্দ উৎপন্নকারী চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ব্যবহৃত চারটি হর্ন জব্দ করা হয়।

অধিদপ্তর আরও জানায়, নগরীতে শব্দদূষণ কমাতে পরিবেশবিধি লঙ্ঘনকারী যানবাহন, শিল্পকারখানা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।