সারাদেশ

আড়াইহাজারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেপ্তার

প্রিন্ট
আড়াইহাজারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, রাত ১২:৪০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগে সজিব কালাই (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর মামলার পর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী সরকারি আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই নারী নিজ বসতঘরে একা ছিলেন। এই সুযোগে প্রতিবেশী সজিব কালাই কৌশলে ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সজিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরদিন মঙ্গলবার (৮ জুলাই) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সজিবকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন জানান, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।