সারাদেশ

জলঢাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দিন বদলের ছোঁয়া

প্রিন্ট
জলঢাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দিন বদলের ছোঁয়া

প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:২৮

নীলফামারীর জলঢাকা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়িত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রকল্পে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হতে শুরু করেছে। বিগত সময়ের রাজনৈতিক চাপ ও অনিয়মের ধারা পেরিয়ে বর্তমানে প্রকল্পগুলোর শতভাগ বাস্তবায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে, যার সুফল সরাসরি ভোগ করছেন স্থানীয় জনগণ।

সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে জলঢাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের (পিআইও) মাধ্যমে কাবিটা, কাবিখা ও টিআর কর্মসূচির আওতায় দুই পর্যায়ে মোট ৩৩২টি প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে জনবহুল গ্রামীণ রাস্তা সিসিকরণ, হেরিং বন্ড রাস্তা নির্মাণ এবং বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার। অনুসন্ধানে দেখা গেছে, বর্তমান সরকারের কঠোর নজরদারিতে এই প্রকল্পগুলোর কাজ এখন পুরোপুরি দৃশ্যমান।

প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জলঢাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নাহিদুজ্জামান জানান, প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে আমরা কঠোর প্রক্রিয়া অবলম্বন করছি। প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন ও ছবি নেওয়ার পর তা অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। কাজ ৫০ ভাগ সম্পন্ন হলে সরজমিনে পরিদর্শন ও ছবি তোলার পর প্রথম কিস্তির বিল ছাড় করা হয়। এরপর নকশা অনুযায়ী শতভাগ কাজ সম্পন্ন ও গুণগত মান নিশ্চিত হওয়ার পরই কেবল চূড়ান্ত বিল পরিশোধ করা হচ্ছে। এক্ষেত্রে কোনো অনিয়মের সুযোগ নেই।

অনুসন্ধানে দেখা যায়, কাবিটা ও কাবিখা প্রকল্পের বাস্তবায়নের হার শতভাগ। তবে টিআর প্রকল্পের ক্ষেত্রে দৃশ্যমান কাজ প্রায় ৯০ শতাংশ। বাকি অংশ ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের অভ্যন্তরীণ অগ্রাধিকারভিত্তিক অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যয় করায় এমনটি হয়েছে, যা সার্বিকভাবে প্রতিষ্ঠানের কল্যাণেই লেগেছে।

স্থানীয় উপকারভোগীরা জানান, অতীতে কাগজে-কলমে প্রকল্প দেখিয়ে লুটপাটের সংস্কৃতি থাকলেও, বর্তমানে পিআইও অফিসের কড়া নজরদারি ও জবাবদিহিতার কারণে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রকৃত পরিবর্তন আসছে।