সারাদেশ

আদালতে হাজির না হওয়ায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রিন্ট
আদালতে হাজির না হওয়ায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, দুপুর ১:৫০

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় তাকে আদালতে হাজির হওয়ার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় তাকে আদালতে হাজির হওয়ার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে সরিষাবাড়ী আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। একই আদেশ মামলার অপর আসামি টক শোর উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য প্রতিমন্ত্রী থাকাকালে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুকভিত্তিক টক শোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

মামলার বাদী জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার অভিযোগ করেন, ওই বক্তব্যের মাধ্যমে জিয়া পরিবারের মানহানি হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান জানান, গত বছরের ২৪ মে তৎকালীন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুকসানা পারভীন মামলাটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেন। তবে সমন জারির পরও তারা আদালতে উপস্থিত না হওয়ায় প্রথমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপরও আদালতে হাজির না হওয়ায় এবার তাদের উপস্থিতির জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবী আরও জানান, বিজ্ঞপ্তি প্রকাশের পরও আসামিরা আদালতে আত্মসমর্পণ না করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই মামলার বিচারকার্য পরিচালিত হতে পারে।

বিঃদ্রঃ প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলো মামলার নথিতে উল্লিখিত অভিযোগ। এ বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনও হয়নি।