সারাদেশ

রূপগঞ্জে সরকারি খাল ভরাট: ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি

প্রিন্ট
রূপগঞ্জে সরকারি খাল ভরাট: ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি

প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, রাত ১০:৩২

সরকারি খাল ভরাট করে ফেলায় গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৭টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি ঢুকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। পানিবন্দি হয়ে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু চর্ম ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ইস্টউড সিটি নামের একটি আবাসন কোম্পানি বালু ফেলে ছোট-বড় ৬টি সরকারি খাল ভরাট করায় এ স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কাঞ্চন পৌরসভার হাটাবো টেকপাড়া, কালাদি, নলপাথর, নরাবো, কোশাব, আইতলা ও ডুলুরদিয়া গ্রামের মানুষ গত ৬ বছর ধরে এই সমস্যায় ভুগছেন। বৃষ্টি এলেই হান্ডি মার্কেট, ডেওরি বিল, কালাদি ও ভুলতা এলাকার প্রধান সংযোগ খালগুলো বন্ধ থাকায় পানি সরতে পারে না। বর্তমানে এসব এলাকার রাস্তাঘাটে কোমর পর্যন্ত পানি। ঘরবাড়িতে পানি ঢোকায় বন্ধ রয়েছে রান্নাবান্না ও স্বাভাবিক কাজকর্ম। এছাড়া ডুবে গেছে অনেক পুকুর, ভেসে গেছে লাখ লাখ টাকার মাছ।

ক্ষতিগ্রস্ত নলপাথর গ্রামের আজু মিয়া ও নড়াবো এলাকার ইমান আলী জানান, হাউজিং কোম্পানি বালু ফেলে খাল দখল করায় আজ তারা নিজ ভূমিতেই বন্দি। তারা দ্রুত সরকারি খাল খননের দাবি জানান।

এ বিষয়ে ইস্টউড সিটির ল্যান্ড অফিসার জসিম উদ্দিন অবশ্য দাবি করেন, খালের জায়গা রেখেই বালু ভরাট করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাদল কুমার সাহা জানান, ওইসব এলাকায় চর্ম ও পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে। তাদের চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে।

কাঞ্চন পৌর প্রশাসক মারজানুর রহমান বলেন, হাউজিং প্রকল্প অবৈধভাবে সরকারি খাল ভরাট করায় নলপাথর, নরাবোসহ ৭টি গ্রামে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সরকারি খাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া হবে।

ভোগান্তি থেকে বাঁচতে অবৈধভাবে ভরাট হওয়া খাল পুনরুদ্ধার, পানি নিষ্কাশনের পথ সচল এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।