সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, বিকাল ৫:১১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে (১২) অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে শাহীন হোসেন রবিন (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রবিন সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির মিন্টু বেপারীর ছেলে। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় তানজিমুল উম্মাহ বালিকা মাদ্রাসার ছাত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুলাই বিকেলে কোচিং শেষে বাসায় ফেরার পথে ওই ছাত্রীকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নাসিক ৪নং ওয়ার্ডের বউবাজার মনোয়ারা জুট মিলের ভেতর নদীর পাড়ে নিয়ে যায় রবিন। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চালানো হয়।

তবে অভিযুক্ত রবিনের দাবি, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা স্বেচ্ছায় সেখানে বেড়াতে গিয়েছিল। মেয়েটি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি না হয়ে উল্টো স্থানীয়দের মাধ্যমে তার পরিবারকে খবর দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানায়, ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।