সারাদেশ

সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাইক্রোবাসসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাইক্রোবাসসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার

প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, বিকাল ৫:৩০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশি-বিদেশি অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ মোঃ সজীব আহমেদ (২৫) নামে সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেছে।

রবিবার (১২ জুলাই) ভোর রাতে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি চিশতিয়া বেকারির সামনের পাকা রাস্তায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত সজীব মিজমিজি মাইজপাড়া এলাকার মোঃ সানাউল্লাহর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল মিজমিজি এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্য সজীবকে হাতেনাতে গ্রেফতার করা হলেও তার সহযোগী মইন মিয়া (২৫), ইব্রাহিম ওরফে আকাশ (২৫) এবং অজ্ঞাতনামা আরও ৬/৭ জন ডাকাত অন্ধকারের সুযোগ নিয়ে কৌশলে পালিয়ে যায়।

পরে গ্রেফতারকৃত সজীবের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রিভলবার, ৬ রাউন্ড তাজা গুলি, ৩টি ধারালো রামদা, ১টি টর্চলাইট এবং ১টি পুরাতন কালো রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ২০-৫২৫৭) জব্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আসামিরা সংঘবদ্ধ হয়ে এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রেফতারকৃত সজীব ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।