সারাদেশ

বন্দরে মাদ্রাসা ও বাড়িতে চুরি: গ্রেপ্তার ২

প্রিন্ট
বন্দরে মাদ্রাসা ও বাড়িতে চুরি: গ্রেপ্তার ২

প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, রাত ১০:২১

নারায়ণগঞ্জের বন্দরে একটি মাদ্রাসা ও বসতবাড়িতে চুরির ঘটনায় গণপিটুনির শিকার দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ আঁখি আক্তার বাদী হয়ে শনিবার (১১ জুলাই) বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, বন্দরের নবীগঞ্জ রোড পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে সুমন (৪৫) ও নবীগঞ্জ কবরস্থান রোড এলাকার রাজ্জাক মিয়ার ছেলে সাব্বির (২০)। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় চক্রটি নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার আঁখি আক্তারের বসতবাড়ির আঙিনা থেকে লোহার চেয়ার-টেবিল চুরি করে। পরে ভোর ৫টার দিকে তারা স্থানীয় নবীগঞ্জ বাগ-এ জান্নাত মাদ্রাসা থেকে লোহার গ্রিলের অংশ, টিউবওয়েলের মাথা ও মাইকের হর্ন চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা তাদের হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুই চোরকে আটক করে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে।

বন্দর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। এই ঘটনায় জড়িত তাদের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।