সারাদেশ

শীতলক্ষ্যায় নিখোঁজ ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার

প্রিন্ট
শীতলক্ষ্যায় নিখোঁজ ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, রাত ৯:২১

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের (২৫) মরদেহ ৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

এর আগে সকাল ১১টার দিকে নিতাইগঞ্জ ফায়ার সার্ভিস জেটিতে সহকর্মীদের সঙ্গে কচুরিপানা পরিষ্কার করছিলেন সাদিক। একপর্যায়ে তিনি স্পিডবোট থেকে নদীতে পড়ে তলিয়ে যান। ধারণা করা হচ্ছে, পড়ে যাওয়ার সময় মাথায় আঘাত পাওয়ায় তিনি আর ভেসে উঠতে পারেননি।

নিহত সাদিক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আশরাফ শেখের ছেলে। নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে কর্মরত এই ডুবুরি অসংখ্য উদ্ধার অভিযানে সাহসিকতার পরিচয় দিয়ে রাষ্ট্রীয় পদক অর্জন করেছিলেন। তাঁর অকাল প্রয়াণে ফায়ার সার্ভিস ও স্থানীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে।