সারাদেশ

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রিন্ট
মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬, বিকাল ৪:০৭

মাগুরা সদর উপজেলায় মাঠের ভেতর বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার চাঁদপুর পশ্চিম পাড়া এলাকার একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই এলাকার বিশারদ বিশ্বাসের ছেলে এবং পেশায় তিনি নসিমন চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে ফিরোজের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়।

মাগুরা সদর থানা পুলিশ জানায়, নিহতের মরদেহের পাশ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, গভীর রাতে চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।