তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, শরীর ও মনকে সচল রাখতে এবং যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে বাঁচাতে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি মান্নান বলেন, মাদক নিয়ে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল। নতুন আইনে মাদকসহ আটক হলে জামিনের সুযোগ নেই, রয়েছে সর্বোচ্চ সাজা। তাই মাদক ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরে আসতে তিনি মাদক কারবারিদের প্রতি আহ্বান জানান। মাদকবিরোধী এই লড়াইয়ে প্রশাসনের পাশাপাশি তরুণ সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করার তাগিদ দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ। এছাড়া জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩২টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সোনারগাঁও পৌরসভা সূর্য সৈনিক একাদশ ও শরীয়তপুর সুপার এলিভেন একে অপরের মুখোমুখি হয়।
মতামত