সারাদেশ

খানপুর ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবা উন্নয়ন ও দালালমুক্ত করার সিদ্ধান্ত

প্রিন্ট
খানপুর ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবা উন্নয়ন ও দালালমুক্ত করার সিদ্ধান্ত

প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬, সন্ধ্যা ৮:২৯

রোগীসেবার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং অবকাঠামো আধুনিকায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের দুটি প্রধান সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) খানপুর ৩০০ শয্যা হাসপাতাল এবং নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সভাপতিত্বে সভায় হাসপাতাল দুটির সার্বিক ব্যবস্থাপনা, জরুরি সেবা, ওষুধ সরবরাহ ও জনবল সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ডাক্তার-নার্সদের উপস্থিতি নিশ্চিত করা, আউটডোরে রোগীর ভিড় কমানো, টিকিট ফি প্রদান প্রক্রিয়া সহজ করা এবং হাসপাতাল চত্বরকে সম্পূর্ণ দালালমুক্ত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জের এই দুটি সরকারি হাসপাতাল লাখো মানুষের ভরসার স্থান। এখানে আসা প্রতিটি রোগী যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা পায়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির হাসপাতালের আসল সৌন্দর্য হলো এর সেবা ও পরিবেশ উল্লেখ করে বলেন, রোগীরা যাতে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে চিকিৎসা পায় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। হাসপাতালে রোগীদের মানসম্মত খাবার নিশ্চিত করা এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রতিদিন মনিটরিং করার নির্দেশনা দেন তিনি।

সভা শেষে সভাপতি ও অতিথিরা দুই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং দুই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।