পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকায় নোবেল শেখ নামে এক ব্যক্তি এক নারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় ঝগড়া থামাতে পরামর্শ দিলে নোবেল ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের ডেকে এনে ফজলুল হককে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ১৮ জুলাই বাড়ি ফিরলেও রবিবার সকালে হঠাৎ রক্তবমি করে তিনি মারা যান। নিহত ফজলুল হক জামালপুরের মেলান্দহের বাসিন্দা এবং ফতুল্লার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। নিহতের মেয়ে ফারজানা জানান, প্রায় এক বছর আগে তার ছোট ভাই ফারুককে হত্যা করা হয়েছিল, যার বাদী ছিলেন তার বাবা। ওই মামলার আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। গ্রেপ্তার হওয়া নোবেল শেখ ওই মামলার এক আসামির ঘনিষ্ঠ আত্মীয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মতামত