দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন থাকায় সড়কের মাঝের আইল্যান্ডটি ঝোপঝাড়ে পরিণত হয়েছিল, যা এডিস মশার প্রজননস্থল ও ময়লা-আবর্জনার ভাগাড়ে রূপ নেয়। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতাকর্মীরা আজ সব আগাছা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন এবং শোভাবর্ধনকারী গাছগুলোর বিশেষ পরিচর্যা করেন।
অভিযান প্রসঙ্গে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, তা যত্ন করে বড় করতে হয়। বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস করা আমাদের প্রধান অগ্রাধিকার। সড়কের আইল্যান্ডগুলো নিয়মিত পরিষ্কার রাখলে মশার বংশবিস্তার রোধের পাশাপাশি শহরের সৌন্দর্যও বাড়বে। নারায়ণগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি আরও জানান, জেলার সব উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে ইতিমধ্যেই সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পরিচ্ছন্নতা অভিযানের পর লিংক রোডের চেহারাই পাল্টে গেছে। ঝোপঝাড় পরিষ্কার করায় সারি সারি ফুলগাছ দৃশ্যমান হয়ে উঠেছে। সময়োপযোগী ও জনবান্ধব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও পরিবেশবাদী সংগঠনগুলো।
মতামত