সারাদেশ

মাগুরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রিন্ট
মাগুরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, রাত ৯:১৮

মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মৌশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে রাফিয়া (২) এবং তাঁর ভাই আলিনুরের মেয়ে রাইসা (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে খাবার খেয়ে তারা বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।