সারাদেশ

বন্দরে ঘুমন্ত কিশোর রিকশাচালককে বলাৎকার

প্রিন্ট
বন্দরে ঘুমন্ত কিশোর রিকশাচালককে বলাৎকার

প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, রাত ১১:৫৪

নারায়ণগঞ্জের বন্দরে গ্যারেজে ঘুমন্ত অবস্থায় ১২ বছর বয়সী এক কিশোর রিকশাচালককে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোমবার (২০ জুলাই) রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত রিকশাচালক নূর ইসলাম (৪৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দিবাগত রাত ২টার দিকে বন্দর রূপালী আবাসিক এলাকার একটি অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। অটোরিকশা জমা দেওয়া ও ভাড়ার টাকা সংক্রান্ত জটিলতার কারণে কিশোরটি রাতে ওই গ্যারেজেই ঘুমিয়ে পড়েছিল। এ সময় অভিযুক্ত নূর ইসলাম তাকে নিজের ঘরে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়।

পরবর্তীতে ভুক্তভোগী কিশোর অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি পরিবারকে জানায়। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করায় এবং মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ২২ ধারায় জবানবন্দির জন্য তাকে আদালতে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এ বিষয়ে থানায় মামলা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরের ডাক্তারি পরীক্ষা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পলাতক আসামি নূর ইসলামকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।