সারাদেশ

বাড়ির পাশের পুকুরেই নিভে গেল চার বছরের রাফির জীবন

প্রিন্ট
বাড়ির পাশের পুকুরেই নিভে গেল চার বছরের রাফির জীবন

প্রকাশিত : ২৪ জুলাই ২০২৬, দুপুর ১২:৫৫

পাবনার সাঁথিয়া উপজেলার একটি পুকুরে ডুবে আরমান হোসেন রাফি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধোপাদাহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাফি ওই গ্রামের আজমল হোসেনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল রাফি। খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে কেউ বুঝতে না পারায় দীর্ঘক্ষণ তাকে খুঁজে পাওয়া যায়নি।

একপর্যায়ে পরিবারের সদস্যরা রাফিকে খুঁজতে শুরু করেন। পরে সঙ্গে থাকা শিশুদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুরে অনুসন্ধান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।