সারাদেশ

সাঁথিয়ায় জুমার ইমামতি নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ

প্রিন্ট
সাঁথিয়ায় জুমার ইমামতি নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ

প্রকাশিত : ২৪ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:১৫

পাবনার সাঁথিয়া উপজেলার একটি মসজিদে জুমার নামাজের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজ শুরুর আগে পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে মসজিদের নির্ধারিত ইমামের নেতৃত্বে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাবনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন জুমার নামাজে ইমামতি করার উদ্দেশ্যে মসজিদে গেলে বিএনপির কয়েকজন কর্মী সমর্থক আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি মো. করিম অভিযোগ করেন, দলীয় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে সংসদ সদস্য ইমামতি করতে গেলে মুসল্লিদের একটি অংশ আপত্তি জানায়। এরপর জামায়াত, ছাত্রশিবির ও এনসিপির কর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয় এবং নির্ধারিত ইমামের ইমামতিতে জুমার নামাজ আদায় করা হয়।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি বলেন, স্থানীয় মুসল্লিদের আমন্ত্রণে তিনি মসজিদে গিয়েছিলেন। তাঁর দাবি, খুতবার সময় বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় তাঁর কয়েকজন সমর্থক মারধরের শিকার হয়েছেন। পাশাপাশি নামাজ শেষে তাঁর এক সমর্থকের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বড় ধরনের সংঘর্ষ বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।