সারাদেশ

রূপগঞ্জে ডাকাতির সময় গৃহবধূ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রিন্ট
রূপগঞ্জে ডাকাতির সময় গৃহবধূ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬, রাত ১০:১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ শাফিয়া বেগমকে হত্যা ও স্বর্ণালংকার লুটের মামলায় প্রধান আসামি মো. রুবেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা এবং ডাকাতির অভিযোগে ১০ বছরের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জের জাঙ্গীর এলাকায় ঘরে ঢুকে শাফিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ সময় তার ব্যবহৃত স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌসি বেগম মায়া রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে ২০২৩ সালের ১৭ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেছেন।