সারাদেশ

রংপুরে বিআরডিবির নতুন অধ্যায়, উপকারভোগীদের হাতে ঋণ, গাছের চারা ও প্রণোদনা

প্রিন্ট
রংপুরে বিআরডিবির নতুন অধ্যায়, উপকারভোগীদের হাতে ঋণ, গাছের চারা ও প্রণোদনা

প্রকাশিত : ২৭ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:৪১

রংপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের জন্য প্রণোদনার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন রংপুর ৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল।

প্রধান অতিথি নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনের পর উপকারভোগীদের হাতে বিভিন্ন সহায়তা ও ঋণের কাগজপত্র তুলে দেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল বলেন, দেশের টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করতে বিআরডিবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ কর্মসূচি নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে কার্যকর অবদান রাখছে।

তিনি বলেন, কিশোরীদের প্রণোদনা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করছে। এসব কার্যক্রম একটি সবুজ, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।

উপকারভোগীদের উদ্দেশে তিনি সরকারি সহায়তা ও ঋণ যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং দেশের উন্নয়ন অভিযাত্রায় সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।