সারাদেশ

ফতুল্লায় পুলিশের অভিযানে গোলাগুলি অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রিন্ট
ফতুল্লায় পুলিশের অভিযানে গোলাগুলি অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, রাত ১১:৩৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশ ও অস্ত্রধারী মাদক কারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ জসিম (২৪) ও তার সহযোগী মোহন (২৩) নামের দুই মাদক কারবারিকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের দুই এসআইসহ তিন সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) ফতুল্লার ইসদাইর আরবান স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল।

পুলিশ জানায়, মাদক কারবারিদের অবস্থানের খবর পেয়ে ইসদাইর এলাকায় অভিযানে যায় ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল। সেখানে ৭-৮ জনের একটি দলকে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আত্মরক্ষার্থে পুলিশ ৮ রাউন্ড পাল্টা গুলি ছুড়লে মাদক কারবারি জসিমের উরুতে গুলি লাগে। এ সময় ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে গুলিবিদ্ধ জসিম ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অস্ত্রধারীদের হামলায় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।