সারাদেশ

ফতুল্লায় গানের ক্লাবের রাত শেষে ক্ষতবিক্ষত লাশ; ছুরিকাঘাতে নিহত সুমন খলিফা

প্রিন্ট
ফতুল্লায় গানের ক্লাবের রাত শেষে ক্ষতবিক্ষত লাশ; ছুরিকাঘাতে নিহত সুমন খলিফা

প্রকাশিত : ১ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:২৭

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশীপুর মধ্যনরসিংপুর এলাকা থেকে সুমন খলিফা (৩৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহত সুমন বরিশালের আগৈলঝাড়া উপজেলার আন্দার মানিক গ্রামের মন্টু খলিফার ছেলে। তিনি দ্বিতীয় স্ত্রী সোনিয়াকে নিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্ত্রী সোনিয়ার বরাতে পুলিশ জানায়, তিনি বিভিন্ন গানের ক্লাবে গান করেন। সে অনুযায়ী রবিবার রাত ১০টার দিকে তারা পঞ্চবটির মেথর খোলায় অবস্থিত সোহেল সরকারের গানের ক্লাবে যান। রাতভর অনুষ্ঠান শেষে সকালে বাসায় ফেরার প্রস্তুতি নেওয়ার সময় সোনিয়া স্বামীকে খুঁজে না পেয়ে সহযোগীদের সঙ্গে বের হন। অটো অফিস মোড় এলাকায় পৌঁছালে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন।

এদিকে, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ মধ্যনরসিংপুর এলাকায় একটি রক্তাক্ত লাশ পড়ে থাকার খবর পায়। পরে মরদেহের ছবি দেখে সোনিয়া লাশটিকে তার স্বামী সুমনের বলে শনাক্ত করেন।

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “নিহতের মাথার পেছনে, পিঠে ও কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে।”