সারাদেশ

সাংবাদিক নির্যাতনের অভিযোগে এনসিপির সংবাদ বর্জনের ঘোষণা।

প্রিন্ট
সাংবাদিক নির্যাতনের অভিযোগে এনসিপির সংবাদ বর্জনের ঘোষণা।

প্রকাশিত : ১ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৩৬

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে সংবাদ সংগ্রহে বাঁধা ও সাংবাদিকদের প্রতি হুমকি-ধামকির অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই কর্মীর বিরুদ্ধে। সোমবার বিকেলে পর্যটন মোটেলের একটি কক্ষে অনুষ্ঠিত এনসিপির জেলা কমিটির সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার এনসিপির ১১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। নবঘোষিত কমিটির আহ্বায়ক মনোনীত হন সাইফুল ইসলাম। ঘোষণার পর থেকেই দলের একাধিক কর্মী তাকে আওয়ামী লীগের অনুসারী আখ্যা দিয়ে আন্দোলন শুরু করেন।

এরই মধ্যে সোমবার বিকেলে পর্যটন মোটেলের এক কক্ষে নতুন কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আহ্বায়ক সাইফুল ইসলাম বক্তব্য দিচ্ছিলেন—এমন সময় দুজন ক্ষুব্ধ এনসিপি কর্মী হঠাৎ সেখানে প্রবেশ করে সাংবাদিকদের ওপর চড়াও হন। তারা লাইভ সম্প্রচার বন্ধ করতে বলেন এবং ক্যামেরাসহ সব সরঞ্জাম গুছিয়ে কক্ষ ত্যাগের নির্দেশ দেন। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন।

একপর্যায়ে তারা কক্ষ তালাবদ্ধ করে ফেলার হুমকি দিলে সাংবাদিকরা প্রতিবাদ জানান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সাইফুল ইসলামের অনুসারীরা ওই দুই কর্মীকে কক্ষ থেকে বের করে দেন। মোটেলের বাইরে আরও কিছুক্ষণ ধরে উত্তেজনা বিরাজ করে।

ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত এনসিপির সব সংবাদ সংগ্রহ বর্জনের ঘোষণা দেন তারা।

রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”