বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বর্তমানে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। একইসঙ্গে তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা ও স্বাস্থ্য নিয়ে ছড়ানো যেকোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
ডা. জাহিদ হোসেন জানান, চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন এবং তিনি তা ঠিকমতো গ্রহণ করতে পারছেন। তিনি নিশ্চিত করেন, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গুজবের পরিপ্রেক্ষিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তাঁর মায়ের চিকিৎসার বিষয়ে নজর রাখছেন।
খালেদা জিয়ার আরোগ্যের জন্য বিশ্বের বন্ধুপ্রতীম দেশগুলোর সহযোগিতা পাওয়ার কথাও জানান ডা. জাহিদ। তিনি বলেন আমাদের বন্ধুপ্রতীম দেশ আমেরিকা, চীন, পাকিস্তান, ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য বিশেষভাবে দোয়া চেয়ে বলেন, দোয়ার কারণেই হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।
ডা. জাহিদ হোসেন সকল প্রকার গুজব ছড়ানো থেকে বিরত থাকতে এবং সেগুলোতে কান না দিতে পুনরায় অনুরোধ জানান। তিনি বলেন, দলের পক্ষ থেকে কীভাবে তথ্য জানানো হবে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।
তিনি দেশ ও বিদেশের সকল ধর্মের মানুষের প্রতি সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা এ যাত্রায়ও আবারও প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্য সহযোগিতা চাই আপনাদের কাছে। তারেক রহমান অনুরোধ করেছেন ধৈর্য ধরতে।
উল্লেখ্য, রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বর্তমানে তাঁকে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে গভীর পর্যবেক্ষণে রয়েছে।
মতামত